Wednesday, April 11, 2018

নিজস্ব প্রতিনিধি: কলকাতা, ১০ই এপ্রিল—মঙ্গলবারও বিক্ষোভ দেখানো হয় রাজ্য নির্বাচন কমিশন দপ্তরের সামনে। সুষ্ঠুভাবে মনোনয়নপত্র জমা এবং গণতান্ত্রিকভাবে রাজ্যে নির্বাচন করার দাবি জানাতে গিয়ে এদিন গ্রেপ্তার হলেন বামপন্থী মহিলা সংগঠনের নেত্রী ও কর্মীরা। এদিন একইভাবে নির্বাচন কমিশনের দপ্তরের সামনে গ্রেপ্তার হলেন হাওড়া জেলার বামফ্রন্টের নেতা কর্মীরা। নির্বাচন কমিশনারের কাছে স্মারকলিপি জমা দিতে যাওয়ার ‘অপরাধে’ এদিন গ্রেপ্তার করা হয় সবাইকে। অথচ তাঁদের সঙ্গে দেখা করার আগাম অনুমতিও ছিল। সব মিলিয়ে ৯৯ জনকে গ্রেপ্তার করে লালবাজারে নিয়ে যায় পুলিশ। এঁদের মধ্যে মহিলা সংগঠনের নেত্রী কর্মীরা হলেন ২৯জন। বাকিরা হাওড়া জেলা বামফ্রন্টের নেতা কর্মী। পুলিশের এই আচরণের প্রতিবাদে ১২ই এপ্রিল ধিক্কার দিবস পালন করবেন মহিলারা।

গণশক্তি